কালাইয়ে বেপরোয়া মাদকচক্র: মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পথচারীকে ছুরিকাঘাত
সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ীর লোকজনরা মোশারফ হোসেন সাবু নামে এক পথচারীকে কুপিয়ে যখম করেছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবীদের দৌরাত্ম্য দীর্ঘদিনের হলেও তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনা গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রাম জালাইগাড়ী মোড়ে একটি পুকুর পাড়ে ঘটেছে। মাদক ব্যবসায়ীর লোকজনদের হাতে আহত মোশারফ হোসেন সাবু একই উপজেলার দেওগ্রামের মৃত মোজাম্মেল হোসেন ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দেওগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ক্রয়-বিক্রয় চললেও তা বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সাধারণ মানুষ একাধিকবার বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করলেও তেমন কোনো কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। এতে করে মাদক ব্যবসায়ীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে ওঠে এবং প্রকাশ্য মাদক ক্রয়-বিক্রয় করে আসছেন। এরইমধ্যে গত রাতে মোশারফ হোসেন সাবু ওই রাস্তা হয়ে যাওয়ার সময় পুকুর পাড়ে মাদক লেনদেন করতে দেখে প্রতিবাদ করেন। মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতদের এসব অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্য সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক বিক্রেতা একই উপজেলার পাঁচগ্রামের ধলু মোল্লার ছেলে দেলোয়ার, একই গ্রামের আনসারের ছেলে সানোয়ার, বিপ্লব আলমসহ তাদের সহযোগীরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা সাবুকে চাঁকু দিয়ে আঘাত করে। এতে সাবু গুরুত্বর আহত হয়।
প্রত্যক্ষদর্শী মাহমুদুল হাসান মিঠু বলেন, মাদক বিক্রেতা সানোয়ার পেছন দিক থেকে ধারালো চাকু দিয়ে সাবুকে গুরুত্বর আঘাত করে। এ সময় সাবুর চিৎকারে আশপাশের লোকজন দ্রæত এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সাবু অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাই ওর শক্রু বেশী। মাদক ব্যবসা নিয়েও সে আগেও প্রতিবাদ করেছে। তাই এবার ওরা চাকু দিয়ে যখম করেছে।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সাবু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল। সময়মতো যদি সাবুকে হাসপাতালে নেওয়া না যেত, তাহলে আরও বড় বিপদ হতো। বর্তমানে সাবু বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাবু এখনও আশঙ্কা মুক্ত নয়।
আব্দুল মালেক বলেন, এলাকায় মাদকের ব্যবসা এখন ভয়াবহ আকার নিয়েছে। প্রশাসনকে বহুবার জানানো হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের উদাসীনতার কারণেই মাদক ব্যবসায়ীরা এতটা বেপরোয়া হয়ে উঠেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে আহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









