সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযান, আটক বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’

প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:০০ পিএম
সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযান, আটক বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে চলমান অভিযানে আবারও সফলতা পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বিশেষ অভিযানে কুখ্যাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন অবস্থায় থাকা জাহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন। তিনি জানান, সুন্দরবনে দস্যুতা ও অপরাধ দমনে কোস্ট গার্ডের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

কোস্ট গার্ডের দাবি, আটক জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদী ও খাল এলাকায় ডাকাতি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার বাহিনীর কারণে বনজীবী ও জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করত।

আটক ব্যক্তি নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।