যবিপ্রবিতে প্রথমবার হচ্ছে আইইইই আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম
যবিপ্রবিতে প্রথমবার হচ্ছে আইইইই আন্তর্জাতিক সম্মেলন

মালিকুজ্জামান কাকা :

প্রথমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজন হতে যাচ্ছে ৫ম আইইইই আন্তর্জাতিক রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস (RAAICON 2026) সম্মেলন।

আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৬ সশরীরে ও অনলাইন উভয় মাধ্যমের এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তি পেশাজীবীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনের যৌথ আয়োজক আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি (RAS) বাংলাদেশ চ্যাপ্টার।

সম্মেলনটি রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT), অটোমেশন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিষয়ে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

আয়োজকরা জানান, সম্মেলনে রোবট নকশা, রোবটের গতিবিদ্যা, মেশিন লার্নিং, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্বয়ংচালিত যানবাহন, বায়ো-রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, স্মার্ট হোম অটোমেশন, টেকসই প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটির সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন সুযোগ থাকবে। গৃহীত গবেষণাপত্রগুলো আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশের জন্য বিবেচিত হবে।

সম্মেলনের কনফারেন্স চেয়ার এবং যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবার আইইইই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ধরনের আয়োজন দেশি-বিদেশি গবেষকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, নতুন গবেষণা বিনিময় এবং প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করবে।

এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ট্রাভেল গ্রান্ট, সেরা গবেষণাপত্র এবং সেরা উপস্থাপনা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

সম্মেলনে গবেষণাপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৮ জুলাই। গ্রহণযোগ্য গবেষণাপত্রের তালিকা প্রকাশ করা হবে ১৮ আগস্ট। চূড়ান্ত (ক্যামেরা-রেডি) গবেষণাপত্র জমা এবং লেখক নিবন্ধনের শেষ সময় ৩০ আগস্ট।