বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ওসির অ্যাকশন
মো: মিজানুর রহমান সুমন, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী আকস্মিক একটি ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শান্ত নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে এই ঝটিকা মিছিলের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতেই চৌমুহনী পৌরসভা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের উদ্দেশ্যে জড়ো হতে শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় এবং ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তবে পুলিশের এই বাধা সত্ত্বেও, সকাল ১০টার দিকে চৌমুহনী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার সাইফুল্লার নেতৃত্বে দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে আবারও একত্রিত হয় তারা। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী এই আকস্মিক ঝটিকা মিছিলে অংশ নেন।
মিছিলের খবর পেয়ে পুলিশ পুনরায় অভিযানে নামে। বেলা ১১টার দিকে দুর্গাপুর এলাকা থেকে শান্ত নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
"ভোরেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হয়েছিল। খবর পাওয়া মাত্রই পুলিশ তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। কিন্তু পরবর্তীতে তারা অন্য একটি স্থানে আবারও একত্রিত হয়ে একটি ঝটিকা মিছিল বের করে।"
ওসি আরও জানান, এই নিষিদ্ধ কর্মকাণ্ডের প্রেক্ষিতে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।









