ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৪৮ জন। এছাড়া অক্টোবরের প্রথম ছয় দিনে ৪২ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগী মারা যান।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৬ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ১৫২ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৩০ জন। এছাড়া চট্টগ্রামে ২১৬, খুলনায় ৩৭৬, বরিশালে ২০০, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ এবং রাজশাহীতে ১৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।








