গোদাগাড়ীতে ঐতিহাসিক ১৭১তম সাঁওতাল হুল দিবস উদযাপন
রাজশাহী ব্যুরো:
"যেখানে অধিকার বঞ্চনা, সেখানেই হুল"—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ১৭১তম সাঁওতাল হুল দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার রক্ষাগোলা সমন্বয় কমিটি ও গ্রাম সংগঠনসমূহের আয়োজনে এবং সিসিবিভিও ও ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সিসিবিভিওর শাখা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কাকন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে কাকনহাট পৌরসভা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভায় বক্তারা ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহকে ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী উপমহাদেশের অন্যতম প্রথম সশস্ত্র গণঅভ্যুত্থান হিসেবে অভিহিত করেন। তারা উল্লেখ করেন যে, এই বিদ্রোহ পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল।
আলোচনায় বক্তারা ১৭১ বছর ধরে চলে আসা সাঁওতাল জনগোষ্ঠীর অধিকার আদায়ের লড়াইয়ের কথা তুলে ধরেন। সেই সাথে আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিতকরণ এবং সমতলের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির জোরালো দাবি জানান তারা। অনুষ্ঠানে সিসিবিভিও’র কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দসহ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।









