নেপালে বন্যার নতুন ঝুঁকি কমেছে, ফের উদ্ধার অভিযান
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর নতুন করে বন্যার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে গেছে। নদীর উজানে তৈরি হওয়া কৃত্রিম লেকের পানি ধীরে ধীরে স্বাভাবিকভাবে নেমে যাওয়ায় শুক্রবার (২৮ আগস্ট) আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে।
চীন ও নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, তিব্বতের ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর সংযোগস্থলের কাছে তৈরি হওয়া লেকটির পানির উচ্চতা কমছে। শুক্রবার সকাল থেকে পানি নামতে শুরু করে এবং এক দিনে লেকটির পানির গভীরতা প্রায় ১০ মিটার কমেছে।
এর আগে নতুন করে আকস্মিক বন্যার আশঙ্কায় নেপাল ও তিব্বতে উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে লেকের পানি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাওয়ায় সেই ঝুঁকি এখন অনেকটাই কমে এসেছে।
গত বুধবার ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পানি ও কাদার স্রোতে বহু অবকাঠামো ধ্বংস হয়ে যায় এবং বিপুলসংখ্যক মানুষ হতাহত হন।
চীনের আনেং গ্রুপের থার্ড ইঞ্জিনিয়ারিং ব্যুরোর কর্মকর্তা ঝো ঝিডং জানান, শুক্রবার সকাল থেকে লেকের পানি কমতে শুরু করেছে। পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় নতুন করে আকস্মিক বন্যার আশঙ্কাও হ্রাস পেয়েছে।
এদিকে নেপালে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রায় ৫০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিব্বতে হতাহতের সঠিক সংখ্যা চীন এখনো প্রকাশ করেনি।
সূত্র: সিএনএন
এমকে/বিএম২৪









