২৫ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম
২৫ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি




ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম এ সবুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।


বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।


দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় এম এ সবুর সময় চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


এর আগে গত ১৭ মে হাইকোর্টের একটি বেঞ্চ এম এ সবুরকে আট সপ্তাহের মধ্যে চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী ৯ জুলাই তিনি আদালতে আত্মসমর্পণ করেন।


দুদক জানায়, হাইকোর্টে আগাম জামিনের আবেদন করার সময় মামলার অভিযোগপত্র দাখিল হয়নি বলে তথ্য উপস্থাপন করা হয়েছিল। তবে এর আগেই গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত অভিযোগ গঠন করলে মামলার বিচারকাজ শুরু হয়।


দুদকের পিপি মোকাররম হোসাইন বলেন, অভিযোগপত্র দাখিলের তথ্য গোপন করে হাইকোর্ট থেকে আগাম জামিনের আদেশ নেওয়া হয়েছিল। অভিযোগপত্র দাখিলের পর মামলায় অভিযোগও গঠন করা হয়েছে।


মামলার নথি অনুযায়ী, আরামিট গ্রুপের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়। পরে কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।


মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুখমিলা জামান ও ইউসিবির সাবেক চেয়ারম্যান এম এ সবুরসহ মোট ৩৬ জন আসামি রয়েছেন। এ মামলায় সাক্ষী রয়েছেন ৯২ জন। এরই মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।




এমকে/বিএম২৪