দাম্পত্য বিরোধের জেরে স্বামীর বাড়ির সামনে চিকিৎসক স্ত্রীর অবস্থান ও অনশন

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম
দাম্পত্য বিরোধের জেরে স্বামীর বাড়ির সামনে চিকিৎসক স্ত্রীর অবস্থান ও অনশন

প্রিন্স মন্ডল অলিফ,  বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পুটিয়া এলাকায় স্বামীর সংসারে ফিরে যাওয়ার দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করছেন এক ইন্টার্ন চিকিৎসক।

মঙ্গলবার (৭ জুলাই) এমবিবিএস চিকিৎসক ডা. শতদল মন্ডলের বাড়ির সামনে মা-কে সঙ্গে নিয়ে অবস্থান ও অনশন শুরু করেন তার স্ত্রী ডা. বন্যা মজুমদার।

ডা. বন্যার ভাষ্য, দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে তিনি অবহেলা ও নির্যাতনের শিকার। স্বামীর বিরুদ্ধে আপন বৌদির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তিনি বলেন, এসবের প্রতিবাদ করায় তাকে অপবাদ দেওয়া হয় এবং ব্যক্তিগত মালামাল আটকে রেখে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়।

তিনি আরও বলেন, সংসার ভাঙতে নয়, সংসার টিকিয়ে রাখতেই তিনি এই কর্মসূচি নিয়েছেন।

এ বিষয়ে ডা. শতদল মন্ডল জানান, তার স্ত্রী অনশনে বসেছেন—এ বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। বিষয়টি আদালতে থাকায় আইনজীবীর পরামর্শ ছাড়া কোনো বক্তব্য দেবেন না বলেও জানান।

স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিসের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমঝোতা হয়নি।