১৪ কার্গো এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম
১৪ কার্গো এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ইউরিয়া সার সংগ্রহ এবং ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং সিমুলেটর কেনাসহ একাধিক প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়।


বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সঙ্গে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের ইউরিয়া সার আমদানি চুক্তির অনুমোদন দেওয়া হয়। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনার আওতায় এ চুক্তি করা হবে।


এ ছাড়া জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) একটি প্রকল্পের আওতায় দেশের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ব্যবহারের জন্য ৪০টি ড্রাইভিং সিমুলেটর কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব সিমুলেটর সংগ্রহ করা হবে।


ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের জন্যও একটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এর আওতায় প্রকল্পটির সাধারণ ঠিকাদার জাপানের এমএইচআইয়ের কাছ থেকে কারিগরি সহায়তা নেওয়া হবে। এ সহায়তার মাধ্যমে কারখানার দৈনন্দিন উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা পাওয়া যাবে।


এ জন্য টেকনিক্যাল সার্ভিস (দ্বিতীয় ধাপ) চুক্তির আওতায় একক উৎস নির্বাচন পদ্ধতিতে পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।


বৈঠকে জাতীয় স্বার্থ ও জরুরি পরিস্থিতিতে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৪ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয়বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে এ প্রস্তাব উপস্থাপন করে।


কমিটির এসব সিদ্ধান্তের ফলে দেশে সার ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং গুরুত্বপূর্ণ শিল্প প্রকল্পের উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে সহায়ক হবে।



এমকে/বিএম২৪