‎বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে এনসিপির চট্টগ্রাম মহানগরের নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম
‎বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে এনসিপির চট্টগ্রাম মহানগরের নেতা গ্রেপ্তার

‎মোহাম্মদ ইব্রাহিম , চট্টগ্রাম প্রতিনিধি:

‎সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তার ব্যক্তির নাম আফতাব মজুমদার। তিনি এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক। দলীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে দলের সদস্যসচিব আখতার হোসেনের সই করা এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যও করা হয়।

‎চান্দগাঁও থানায় দায়ের করা মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সঙ্গে আফতাব মজুমদারের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে আফতাব শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে তরুণী বিয়ের আগে তাতে রাজি হননি।

‎মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই সকালে আফতাব মজুমদার মোবাইল ফোনে তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নগরের বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নেন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর ভুক্তভোগী বারবার বিয়ের বিষয়ে কথা বললেও অভিযুক্ত বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। পরে একপর্যায়ে তিনি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

‎এজাহারে আরও বলা হয়েছে, পরে ভুক্তভোগী জানতে পারেন আফতাব মজুমদার আগে থেকেই বিবাহিত। বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি চান্দগাঁও থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

‎চান্দগাঁও থানার ওসি তদন্ত সবুজ রহমান বলেন, ধর্ষণ মামলায় এনসিপির নেতা আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানার হাজতে রাখা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

‎তবে গ্রেপ্তারের স্থান ও সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে নগরের হালিশহর বিডিআর মাঠসংলগ্ন একটি দোকান থেকে আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়।

‎স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, ব্যক্তি জীবনে আফতাব মজুমদারকে ঘিরে এর আগেও একাধিক বিয়ে নিয়ে নানা আলোচনা ছিল। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য বা নথিভিত্তিক তথ্য পাওয়া যায়নি। তাই এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

‎এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় বা চট্টগ্রাম মহানগর কমিটির কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত প্রতিক্রিয়াও জানানো হয়নি।

‎পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত আদালতে নিজের পক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।