দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নিশ্চিত করা হয়েছে। তবে তাঁর গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। গত বছর এসব মামলা করা হয়।

দুদকের প্রথম মামলায় শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়।

অন্যদিকে, দ্বিতীয় মামলায় তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাঁর নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। আর অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে শেখ আব্দুল হান্নানকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়।

এমকে/বিএম২৪