জাবির ধর্ষণচেষ্টা ঘটনায় আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য, ফেসবুকে ছাত্রশক্তি নেতার প্রশ্ন

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম
জাবির ধর্ষণচেষ্টা ঘটনায় আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য, ফেসবুকে ছাত্রশক্তি নেতার প্রশ্ন

জাবি প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাম্প্রতিক ধর্ষণচেষ্টার ঘটনায় গড়ে ওঠা আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার দপ্তর সম্পাদক কাজী মেহেরাব তূর্য।

শুক্রবার (১৭ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, ধর্ষণচেষ্টার ঘটনায় গড়ে ওঠা আন্দোলনটি প্রকৃত অর্থে বিচার আদায়ের আন্দোলন ছিল না। তাঁর ভাষ্য, আন্দোলনের লক্ষ্য ছিল প্রক্টরকে অপসারণ করা; সেই লক্ষ্য পূরণ না হওয়া এবং আন্দোলন থেকে কোনো 'সুবিধা' না মেলায় আন্দোলন থেমে গেছে।

পোস্টে তিনি লেখেন, "যদি বিচার চাওয়ার আন্দোলনই থাকতো তাহলে তারা এখন নীরব কেন? যখন বুঝলো প্রক্টর ফালাতে পারবে না, এই আন্দোলন থেকে পকেটও গরম হবে না তখন আন্দোলন প্যাকেট করে আবার গায়েব।"

এছাড়া তিনি অভিযোগ করেন, ধর্ষণচেষ্টার ঘটনাটির সুষ্ঠু তদন্ত হলে ক্যাম্পাসের "অনেক মানুষের আসল চেহারা" সামনে চলে আসবে। তিনি এআই-সৃষ্ট ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি, ভিডিও ফুটেজ প্রকাশ নিয়ে সাংবাদিকদের কাজে বাধা দেওয়া এবং পরে নির্দিষ্ট সাংবাদিকের মাধ্যমে ফুটেজ প্রকাশের অভিযোগও তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

পোস্টের আরেক অংশে কাজী মেহেরাব তূর্য অতীতের ক্যাম্পাস রাজনীতির প্রসঙ্গ টেনে দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলনে ছাত্রদল ও শিবির পরিচয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটলেও একটি নির্দিষ্ট গোষ্ঠী নির্বিঘ্নে আন্দোলন ও রাজনীতি চালিয়ে যেতে পেরেছে। তাঁর দাবি, ওই গোষ্ঠীর প্রতিনিধিরা প্রশাসন ও ছাত্রলীগের সঙ্গে সমঝোতা করে আন্দোলন প্রত্যাহার করতেন।

তিনি আরও লেখেন, "লীগের আমলে কারা সুবিধাভোগী ছিল সেটা বুঝার জন্য লীগের বাহিরে কারা নিজের ব্যানারে ক্যাম্পাসে রাজনীতি করতে পারছে সেটা ঘাটলেই বুঝা যায়।"