চাঁদাবাজি মামলার বাদী গরু চুরি মামলায় গ্রেফতার
আমতলী (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার আমতলীতে চাঁদাবাজি মামলার বাদী মো: আমিরুল(৪২) কে গরু চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে । এ ঘটনায় আমতলীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । চোরাই একটি গাভীন গরু ও একটি এঁড়ে বাছুর উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় । এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে আমতলী থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চাওড়া-লোদা গ্রামের আঃ সোবহান (৪২) গত ২০ এপ্রিল নিজ গোয়ালঘর থেকে তার একটি গাভীন গরু চুরি হয়েছে মর্মে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে আমতলী থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে সন্দেহভাজন মো. আমিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে তালতলী থানার একটি এলাকা থেকে চোরাই গরুটি ও একটি এঁড়ে বাছুর উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, গ্রেফতারকৃত আমিরুল ইসলাম গত ৫ মে সিএনজি চালক পরিচয়ে আমতলী পৌর শ্রমিক দলের সভাপতি নামে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। ওই মামলায় মিল্টন হাওলাদার ও সুমন বর্তমানে জেলহাজতে রয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাচনাইন পারভেজ জানান, এ ঘটনায় থানায় মামলা (নং-২০, তারিখ: ১১ মে ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আমিরুল ইসলামকে মঙ্গলবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।









