একই দিনে দুই মর্মান্তিক ঘটনা:ভটভটির নিচে প্রাণহানি, রাস্তার পাশে অজ্ঞাত লাশ

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম
একই দিনে দুই মর্মান্তিক ঘটনা:ভটভটির নিচে প্রাণহানি, রাস্তার পাশে অজ্ঞাত লাশ

সউদ আব্দুল্লাহ,  কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় একই দিনে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং রাস্তার পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটি উল্টে একজন নিহত হন। এর কয়েক ঘণ্টা আগে সকালে উপজেলার অন্য একটি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পৃথক এ দুই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামের আবু কালামের ছেলে খোকা মিয়া (৩৬) পুনট কাঠালতলী বাসস্ট্যান্ড থেকে একটি ভটভটিতে করে আপলাপাড়া গ্রামে গরু কিনতে যাচ্ছিলেন। ভটভটিটি পুনট-মোসলেমগঞ্জ সড়কের আপলাপাড়া গ্রামের শুনি পুকুর মোড়ে পৌঁছালে সড়কের ওপর শুকাতে দেওয়া খড়ের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটিটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার সময় ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান খোকা মিয়া। এ ঘটনায় ভটভটির চালক পুনট বাজারের বাসিন্দা খয়বর আলী আহত হন।

খবর পেয়ে কালাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনার্থ সিংহ বলেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে শনিবার সকালেই উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনি গ্রামের রাস্তার পাশের একটি খুলিয়ান (খড় রাখার স্থান) থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা সকালে খড় আনতে গিয়ে খড়ের পালার পাশে এক ব্যক্তিকে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় হাত-পা ছড়িয়ে পড়ে থাকতে দেখেন। প্রথমে তাকে অসুস্থ মনে হলেও কাছে গিয়ে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা,নিহত ব্যক্তি ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন (পাগল) হতে পারেন। তবে তিনি কীভাবে সেখানে মারা গেছেন, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার শরীরে দৃশ্যমান কোনো কাপড় ছিল না। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়া এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।