শাহবাগমুখী শিক্ষকরা: তিন দফা দাবিতে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর শাহবাগ ব্লকেডের প্রস্তুতি
স্টাফ রিপোর্টার: তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ (বুধবার) রাজধানীর শাহবাগ মোড় অবরোধের প্রস্তুতি নিচ্ছেন। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী জড়ো হয়েছেন।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, সরকারকে আজ দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে প্রজ্ঞাপন জারির জন্য। নির্ধারিত সময়ের মধ্যে দাবিপূরণ না হলে শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।
আজিজী বলেন, “আমরা সরকারের প্রতি শেষবারের মতো আহ্বান জানিয়েছি—দাবি মেনে প্রজ্ঞাপন জারি করুন। নাহলে দুপুর ১২টায় শাহবাগমুখী হবো।”
এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে শিক্ষক-কর্মচারীরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলেও বিকেল সাড়ে ৪টার দিকে হাইকোর্ট মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে অবস্থান নিয়ে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন।
দাবি তিনটি হলো:
১. মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া প্রদান।
২. শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য মাসিক দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা।
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।
গত রোববার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। কিন্তু পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।
শিক্ষক-কর্মচারীদের দাবিতে সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও। আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সরকারি প্রতিক্রিয়া:
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের দাবির প্রেক্ষিতে বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী,
২০ শতাংশ বাড়িভাড়া দিলে প্রয়োজন হবে ৩,৪০০ কোটি টাকা,
১৫ শতাংশে ২,৪৩৯ কোটি,
১০ শতাংশে ১,৭৬৯ কোটি এবং
৫ শতাংশে ১,৩৭১ কোটি টাকা।
মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা শিক্ষকদের দাবির সঙ্গে একমত হয়েছি এবং অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি। এখন সিদ্ধান্ত তাদের হাতে।”
এর আগে, গত ৫ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। ওই প্রজ্ঞাপনকেই “অপমানজনক” বলে দাবি জানিয়ে আন্দোলনে নামেন শিক্ষকরা।
দাবি আদায়ের লড়াইয়ে এখন শাহবাগমুখী শিক্ষকরা। সরকারের প্রজ্ঞাপন না এলে দুপুরের পর থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে শুরু হতে পারে নতুন উত্তেজনা।









