মেসির সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১১:৫৭ পিএম
মেসির সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানাতে দেশটির নিউকুয়েন শহরে উন্মোচন করা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি মূর্তি। মাঠে অসাধারণ পারফরম্যান্স, অসংখ্য শিরোপা জয় এবং বিশ্ব ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই বিশাল ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।

স্থানীয় শিল্পী আলদো বেরোইসার তৈরি এ মূর্তিটি উচ্চতায় এতটাই বিশাল যে, এটি ভারতের পূর্বে স্থাপিত ২১ মিটার উচ্চতার মেসি ভাস্কর্যের রেকর্ড ভেঙে দিয়েছে। নতুন মূর্তির উচ্চতা ২৬ মিটার। ওজন ৭০ টন। এটি এখন বিশ্বের সবচেয়ে উঁচু মেসির মূর্তি হিসেবে স্বীকৃত। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারজুড়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক মুহূর্ত। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ বিভিন্ন বড় টুর্নামেন্টে তার অবদান দেশটির ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। বিশেষ করে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে তার হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে জয় এনে দেওয়ার পারফরম্যান্স ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করে। এই অসাধারণ কৃতিত্বের পর থেকেই আর্জেন্টিনাজুড়ে মেসিকে ঘিরে শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়ে যায়। তারই ধারাবাহিকতায় এই রেকর্ড-গড়া মূর্তি স্থাপন করা হয়েছে, যা শুধু একজন ফুটবলারের সাফল্য নয় বরং একটি দেশের গর্ব ও আবেগের প্রতীক।

বর্তমানে বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্যে লড়ছে আর্জেন্টিনা। আর মাঠের বাইরেও মেসির এই বিশাল ভাস্কর্য ভক্তদের মধ্যে অনুপ্রেরণা ও আবেগ আরও বাড়িয়ে দিচ্ছে, যা তাকে জীবদ্দশাতেই এক অমর কিংবদন্তির মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।