ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১১:২৪ পিএম
ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২২ জুন) বিকেলে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্রোহী হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উক্ত মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল—“সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না”, “ফ্যাসিবাদীদের ঠিকানা, এই মাটিতে হবে না” এবং “ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”—ইত্যাদি স্লোগানে ক্যাম্পাসে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

পরে মিছিলটি শেষ হলে বিদ্রোহী হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান।

তিনি বলেন, “আমরা সবাই অবগত আছি, ৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে সাম্য, সহমর্মিতা ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় বিএনপি ও ছাত্রদল সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।”

“কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা গত পরশুদিন বাংলাদেশ পুলিশের প্রতি সরাসরি হুমকির মতো ঘটনাও দেখেছি। তারা সরকার, দল ও দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।”

এসময় তিনি আরও বলেন, “এর প্রতিবাদে আজ আমরা এই বিক্ষোভ মিছিল করেছি। আমরা দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেউ যদি উসকানিমূলক কর্মকাণ্ড বা মিছিল-মিটিংয়ের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, তাহলে আমরা তা প্রতিহত করব।”