ব্যাটিং বিপর্যয়ের পর ইংলিশদের লিডের নিচে চাপা পড়ছে পাকিস্তান
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। ফলে নিজেদের ইনিংসে ২৯০ রান করা ইংল্যান্ড পেয়ে যায় ১৮০ রানের বড় লিড। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮৩ রান নিয়েছে জো রুটের দল। ফলে সিরিজে এগিয়ে থাকা ইংলিশরা লর্ডস টেস্টেও ইতোমধ্যে ২৬১ রানের লিড নিয়েছে।
দ্বিতীয় ইনিংসে নেমে অবশ্য ইংল্যান্ড ১৩ রানেই ২ উইকেট হারিয়ে বসে। মাত্র ১ রানেই বেন ডাকেটের পর জর্ডান কক্সকেও ফেরান খুররম শেহজাদ। এরপর প্রতিরোধ গড়েন এমিলিও গে ও জো রুট। তৃতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেন ৪৭ রান। অধিনায়ক রুট আরেকবার এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ২৪ রান করে।
এ নিয়ে ইংলিশ অধিনায়ক টেস্টের সবশেষ ১২ ইনিংসে নবমবার লেগ বিফোরের ফাঁদে পড়লেন। দিনের খেলা আগেভাগেই শেষ হয়ে যায় আলোকসল্পতার কারণে। ওই সময় গে ৩০ ও ব্রুক ৭ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে শেহজাদ ২ ও মোহাম্মদ আলি নেন ১ উইকেট।
এর আগে লর্ডস টেস্টের প্রথমদিন দাপট ছিল পাকিস্তানের বোলারদের। ২৪৮ রানেই তারা ইংলিশদের ৯ উইকেট তুলে নেয়। তবে শেষ উইকেট জুটিতে ৪৭ রান এনে দেন গাস অ্যাটকিনসন ও জশ টাং। অ্যাটকিনসন ৪৫ রানে ফিরলেও, টাং ৩০ রানে অপরাজিত ছিলেন। ফলে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৯০ রান। তাদের বিপক্ষে বোলিংয়ে সম্ভাবনা জাগানো পাকিস্তান ব্যাটিংয়ে এসে আরও বড় বিপর্যয়ের শিকার।
সফরকারীদের প্রথম ইনিংসে আজান আওয়াইস (৪৬) বাদে আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। আর কেবল সৌদ শাকিল দুই অঙ্কের (১৬) ঘর ছুঁয়েছেন। ওলি রবিনসনের ৪, জোফরা আর্চারের ৩ ও টাংয়ের ২ শিকারে পাকিস্তান মাত্র ১১০ রানে অলআউট হয়।








