গুম-খুন ও জুলাইয়ে শহিদ-আহত পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ নিয়োগপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা ও দৃষ্টিশক্তিহীন আলাল আহমেদ, শহিদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহিদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলমের হাতেও প্রধানমন্ত্রী নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপ্রাপ্তদের কয়েকজন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।
অনুষ্ঠানে গুম-খুনের শিকার ব্যক্তি ও জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অনুভূতি তুলে ধরেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সহকারী প্রেস-সচিব একেএম নাজমুল হকসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা এবং ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্যরা উপস্থিত ছিলেন।








