বৃষ্টি নামলেই থেমে যায় খেটে খাওয়া মানুষের জীবিকার চাকা
সংগৃহীত
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে ভিজে যাচ্ছে গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকা। বৃষ্টিতে প্রকৃতি স্বস্তি পেলেও স্বস্তি নেই খেটে খাওয়া মানুষের জীবনে। কারণ বৃষ্টি বাড়লেই থমকে যায় তাঁদের রোজগারের চাকা।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর থেকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা, হরতকিতলা, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ছাতা কিংবা পলিথিন মাথায় দিয়ে জরুরি প্রয়োজনে কেউ কেউ বের হলেও সাধারণ মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। এতে বিপাকে পড়েছেন রিকশা-ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিকসহ বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষ।
কালিয়াকৈর বাজারে বৃষ্টিতে ভিজে মাথায় পলিথিন জড়িয়ে ভ্যানগাড়িতে তেলের ড্রাম টানছিলেন ভ্যানচালক মো. নামিম উদ্দীন। বৃষ্টিতে ভেজা মুখ হাত দিয়ে মুছতে মুছতে তিনি বলেন, ‘প্রতিদিন সকালে বের হয়ে যতক্ষণ কাজ করি, ততক্ষণই আয় হয়। বৃষ্টি বেশি হলে মানুষ বের হয় না, যাত্রীও পাওয়া যায় না। আজ সকাল থেকে বসে থেকে মাত্র একটি ভাড়া পেয়েছি। আয় বলতে তেমন কিছুই হয়নি। তাই বৃষ্টিতে ভিজেই ভাড়া মারছি।’
একই কথা জানালেন ইজিবাইকচালক মো. আজাত হোসেন। তিনি বলেন, ‘বৃষ্টির মধ্যে রাস্তায় বের হওয়া খুব কষ্টের। কিন্তু ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। তাই ভিজতে ভিজতেই বের হয়েছি। তবে যাত্রী কম থাকায় আয়ও কম।’
নির্মাণশ্রমিক আব্দুল কাদের বলেন, ‘আমাদের মতো দিনমজুরদের জন্য একদিন কাজ বন্ধ থাকা মানে একদিনের খাবারের চিন্তা। বৃষ্টির কারণে অনেক সময় কাজ বন্ধ থাকে। তখন সংসারের বাজার খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়ে।’
শুধু শ্রমজীবী মানুষই নয়, টানা বৃষ্টিতে কালিয়াকৈরের বিভিন্ন এলাকার নিচু গ্রামীণ সড়কগুলোতে পানি জমে সাধারণ মানুষের চলাচলেও কিছুটা দুর্ভোগ দেখা দিয়েছে। তবে জীবিকার প্রয়োজনে অনেক শ্রমজীবী মানুষকে বৃষ্টি উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।
তাঁদের কাছে বৃষ্টি মানে শুধু ভেজা পথ কিংবা কাদামাটি নয়; বৃষ্টি মানেই অনেক সময় এক দিনের আয় হারানোর শঙ্কা। তাই মাথার ওপর ঝুম বৃষ্টি, পায়ের নিচে ভেজা পথ—সবকিছু উপেক্ষা করে জীবিকার তাগিদে ছুটে চলেছেন কালিয়াকৈরের খেটে খাওয়া মানুষ।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বৃষ্টির কারণে শহরের ব্যস্ততা কিছুটা থেমে গেলেও থামেনি শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম। কারণ তাঁদের জীবনে কাজ থামলে সংসার থামে, আয় থামলে থেমে যায় চুলার আগুন।
এমকে/বিএম২৪








