ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে জাতীয় ঐক্যের বিকল্প নেই
সংগৃহীত
মুহাম্মদ বোরহান উদ্দিন
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী শক্তির নেতাকর্মীদের নতুন করে তৎপরতা ও আস্ফালন দেখা যাচ্ছে। গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের তৎপরতা, দলটির শীর্ষ নেতৃত্বের বিদেশে অবস্থান করে রাজনৈতিক বার্তা দেওয়া এবং দেশে থাকা নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান—সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই সংঘাতময় হয়ে উঠছে। এরই মধ্যে দলটির শীর্ষ নেত্রীর ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের জ্বালাও-পোড়াওসহ নানা প্রকাশ্য তৎপরতাও উদ্বেগ বাড়াচ্ছে।
তবে বড় প্রশ্ন হলো, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত একটি রাজনৈতিক নেতৃত্বের পক্ষে বর্তমান বাস্তবতায় পুনরায় ক্ষমতার রাজনীতিতে ফিরে আসা কতটা সম্ভব?
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, গণ-অভ্যুত্থানে পতন হওয়া শাসকদের স্বাভাবিক রাজনৈতিক প্রত্যাবর্তন খুব সহজ নয়। দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসন, শত শত মানুষের প্রাণহানির পর দেশত্যাগ এবং পরিবর্তিত জনমতের প্রেক্ষাপটে শেখ হাসিনার স্বাভাবিক রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বয়স, রাজনৈতিক বাস্তবতা ও গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় তাঁর দেশে ফেরার ঘোষণাকে বাস্তব প্রত্যাবর্তনের চেয়ে রাজনৈতিক কৌশল হিসেবে দেখাই অধিক যুক্তিসংগত। অনেকেই একে কেবল ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ হিসেবে দেখছেন।
তাহলে প্রশ্ন দাঁড়ায়, দেশে ফেরার বাস্তব সম্ভাবনা এতটা অনিশ্চিত হওয়া সত্ত্বেও এই তর্জন-গর্জনের উদ্দেশ্য কী?
আমার বিশ্লেষণে এর পেছনে দুটি রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে।
প্রথমত, নিষ্ক্রিয় হয়ে পড়া দলীয় নেতাকর্মীদের পুনরুজ্জীবিত করা এবং মনোবল ফিরিয়ে আনা। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা এবং গণ-অভ্যুত্থানের পর সাংগঠনিক বিপর্যয়ের মুখে পড়া একটি দলের জন্য কর্মীদের সক্রিয় রাখা বড় চ্যালেঞ্জ। এমন প্রেক্ষাপটে দেশে ফেরার ঘোষণা, বক্তব্য ও মাঠপর্যায়ের তৎপরতা কর্মীদের মধ্যে প্রত্যাবর্তনের প্রত্যাশা তৈরি করতে পারে।
কিন্তু বাস্তবতা হলো, এসব অপতৎপরতার চূড়ান্ত মূল্য দিতে হতে পারে মাঠপর্যায়ের সাধারণ কর্মীদের। একদিকে নতুন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, মামলা ও গ্রেপ্তারের মুখে পড়তে পারেন তৃণমূলের কর্মীরা। অন্যদিকে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘাত ও প্রতিশোধমূলক সহিংসতার ঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের সম্পর্ক নিয়ে যেসব আলোচনা ও ধারণা প্রচলিত ছিল, আওয়ামী লীগের নতুন করে প্রকাশ্য তৎপরতা এবং বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সেসব সমীকরণ বদলে গেছে। এতে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সংঘাতের নতুন উপলক্ষ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ দূরবর্তী অবস্থান থেকে দেওয়া রাজনৈতিক বার্তার খেসারত দিতে হতে পারে মাঠপর্যায়ের কর্মীদের।
দ্বিতীয়ত, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশকে কূটনৈতিক চাপে রাখার একটি কৌশলও এখানে কাজ করতে পারে। গত দুই বছরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ককে জটিল করেছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার অবস্থান, তাঁর দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী লীগের তৎপরতা বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির কূটনৈতিক উপকরণ হিসেবে ব্যবহৃত হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি এক ধরনের রাজনৈতিক দর-কষাকষির উপাদান হয়ে উঠতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে হলে সংশ্লিষ্ট রাষ্ট্রের অবস্থান ও কর্মকাণ্ডের প্রমাণভিত্তিক বিশ্লেষণ প্রয়োজন।
এসব তৎপরতার সবচেয়ে বিপজ্জনক দিক হলো, দেশের অভ্যন্তরে ভয়, অনিশ্চয়তা ও সংঘাতের পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা। রাজনৈতিক অস্থিরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি রাষ্ট্রের অর্থনীতি, বিনিয়োগ ও সামাজিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে। যা দেশকে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে ঠেলে দিতে পারে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে অতীতের সহিংস রাজনীতির পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়।
জুলাইয়ের ঐক্যে ফাটল ও ফ্যাসিবাদের সুযোগ
পতিত ফ্যাসিবাদী শক্তির সহিংস পরিবেশ তৈরির পেছনে গণ-অভ্যুত্থানের পক্ষগুলোর অনৈক্যও অনেকাংশে দায়ী। জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, দল কিংবা রাজনৈতিক গোষ্ঠীর অর্জন ছিল না; এটি ছিল নানা মত, পথ, শ্রেণি ও বিশ্বাসের মানুষের সম্মিলিত প্রতিরোধ। অথচ গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সেই সম্মিলিত শক্তির মধ্যে ক্রমাগত দূরত্ব তৈরি হয়েছে। ঐক্যবদ্ধভাবে অর্জিত বিজয়ের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সুফল সংরক্ষণের বদলে অনেকেই নিজেদের একক কৃতিত্ব প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে পড়েছেন। কে জুলাইয়ের প্রকৃত প্রতিনিধি, কে আন্দোলনের অধিকতর অংশীদার—এমন আত্মকেন্দ্রিক কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা আন্দোলনের মূল চেতনাকেই দুর্বল করছে।
মনে রাখা জরুরি, ঐক্যবদ্ধ শক্তিগুলোর মধ্যে অনৈক্য তৈরি হলে তার পূর্ণ সুযোগ নেবে কর্তৃত্ববাদী পলাতক শক্তি। আওয়ামী লীগের বর্তমান জ্বালাও-পোড়াও তৎপরতা তারই একটি নমুনা। জুলাইয়ের পক্ষগুলোর বিভক্তি অব্যাহত থাকলে গণ-অভ্যুত্থানের অর্জন প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাবে পতিত স্বৈরাচারী শক্তি। আর তারা কোনোভাবে পুনরায় রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি অর্জন করলে অতীতের নিপীড়ন, প্রতিহিংসা ও কর্তৃত্ববাদী রাজনীতির পুনরাবৃত্তির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
ইতিমধ্যে সরকার ও বিরোধী পক্ষের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেছেন, যা ইতিবাচক দিক। রাজনৈতিক মতভেদ থাকবেই, কিন্তু রাষ্ট্রের কল্যাণের প্রশ্নে সব মতভেদ ভুলে সবাইকে এক হতে হবে।
ফ্যাসিবাদ মোকাবিলায় আইনের শাসন ও দায়িত্বশীলতা
এখানে একটি বিষয় স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন, ফ্যাসিবাদ মোকাবিলার নামে নতুন কোনো ফ্যাসিবাদী আচরণ প্রতিষ্ঠা করা যাবে না। আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার জবাব দিতে হবে রাজনৈতিকভাবেই। যারা মনে করেন, এসব তৎপরতার জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিবর্ষণই সমাধান, তাঁদের বোঝা উচিত—রাষ্ট্র পরিচালনা প্রতিশোধের ভিত্তিতে হতে পারে না।
কোনো অপরাধীকে বিচারবহির্ভূতভাবে শাস্তি দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই। অপরাধের অভিযোগ থাকলে তদন্ত, গ্রেপ্তার, বিচার এবং আইনের যথাযথ প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেপরোয়া হস্তক্ষেপ রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে এবং কর্তৃত্ববাদী শাসনের পুরোনো সংস্কৃতিকেই ফিরিয়ে আনে।
ফ্যাসিবাদের জবাব ফ্যাসিবাদ নয়, প্রতিহিংসার জবাব প্রতিহিংসা নয়। বরং দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করাই আইনের শাসন প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর পথ। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের মাধ্যমে সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে।
সবশেষে বলা যায়, এখন সময় আত্মপ্রচারের নয়, আত্মোপলব্ধির; বিভক্তির নয়, ঐক্যের। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমেছিলেন, তাঁদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষার প্রশ্নে ন্যূনতম ঐক্য থাকা জরুরি। কোনো ব্যক্তি বা দলের একক মালিকানায় জুলাইকে বন্দি করা যাবে না। জুলাই ছিল জনগণের, এর অর্জনও জনগণের।
পতিত কর্তৃত্ববাদী শক্তিকে মোকাবিলার সবচেয়ে বড় হাতিয়ার হবে জনগণের ঐক্য, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি এবং আইনের শাসন। প্রতিহিংসার বশবর্তী হয়ে নয়, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কারণ, একটি স্বৈরাচারী শাসনের পতনই চূড়ান্ত বিজয় নয়। বরং ভবিষ্যতে যেন আর কখনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য পতন-পরবর্তী সময়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রকে সত্য ও ন্যায়ের ভিত্তির ওপর পুনর্গঠন করাই প্রকৃত বিজয়। আর এ লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
মুহাম্মদ বোরহান উদ্দিন
সাবেক যুগ্ম আহ্বায়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ময়মনসিংহ জেলা।
এমকে/বিএম২৪









