সিংগাইরে নামজারিতে ৩১ হাজার টাকা ঘুষের অভিযোগ, নায়েব বরখাস্ত

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০১:৩৯ এএম
সিংগাইরে নামজারিতে ৩১ হাজার টাকা ঘুষের অভিযোগ, নায়েব বরখাস্ত

সূত্রঃ বিডি মেইল

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি


মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. কামরুল ইসলামের বিরুদ্ধে জমির নামজারিতে ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।


সোমবার (২৪ আগস্ট) সরকারি কাজে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান বিভাগীয় কমিশনার। এ সময় একাধিক ভুক্তভোগী নায়েব কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।


ভুক্তভোগী মজিরন অভিযোগ করেন, জমির নামজারি করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৩১ হাজার টাকা নেওয়া হয়েছে। অন্য ভুক্তভোগীরাও অভিযোগ করেন, ঘুষ ছাড়া ভূমি অফিসে কোনো ফাইল নড়ে না।


এ সময় ভুক্তভোগীরা নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিভাগীয় কমিশনারের কাছে উপস্থাপন করেন এবং তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


অভিযোগ ও উপস্থাপিত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিভাগীয় কমিশনার তাৎক্ষণিকভাবে উপসহকারী ভূমি কর্মকর্তা কামরুল ইসলামকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।


জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনের সময় বিভাগীয় কমিশনারের সঙ্গে ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।