শরীয়তপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সূত্রঃ বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) আলহাজ্ব শফিকুর রহমান কিরন এমপির বাসভবনে সখিপুর থানা মহিলা দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা ও র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং দেশের রাজনীতিতে জাতীয়তাবাদী মহিলা দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, নারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা বলেন, বিএনপির রাজনৈতিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে যুবদল, মহিলা দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের বিভিন্ন কর্মসূচিতে নারী নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
সখিপুর মহিলা দলের সভাপতি মুন্নি হাবিবা বলেন, বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলের নারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল বালা, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিএনপির রাজনীতিতে নারী নেতাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।









