পঞ্চগড়ে নিলাম ছাড়াই সরকারি মালামাল বিক্রির অভিযোগ

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
পঞ্চগড়ে নিলাম ছাড়াই সরকারি মালামাল বিক্রির অভিযোগ

সূত্রঃ বিডি মেইল

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সরকারি মালামাল নির্ধারিত নিলাম প্রক্রিয়া অনুসরণ না করেই বিক্রির উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। অব্যবহৃত ব্যাটারি, পুরোনো টায়ারসহ বিভিন্ন মালামাল একটি ভ্যানে তোলার সময় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের অব্যবহৃত ব্যাটারি, পুরোনো টায়ারসহ বিভিন্ন মালামাল একটি ভ্যানে তোলার প্রস্তুতি চলছে। স্থানীয়দের অভিযোগ, এসব মালামাল ভাঙারি হিসেবে বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছিল।


প্রত্যক্ষদর্শীরা জানান, মালামাল ভ্যানে তোলার সময় ডিবিসি নিউজ ও ডেইলি এক্সপ্রেসের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপরই মালামাল সরানোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে সংশ্লিষ্টদের বক্তব্যেও পরিবর্তন লক্ষ্য করা যায়। তখন বলা হয়, মালামাল বিক্রি নয়, বরং অন্যত্র স্থানান্তরের জন্য নেওয়া হচ্ছিল।


এ বিষয়ে কার্যালয়ের কর্মচারী ও স্টোরকিপারের সঙ্গে কথা বলেও পরস্পর ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ফলে মালামালগুলো বিক্রির জন্য নেওয়া হচ্ছিল, নাকি সত্যিই অন্যত্র সরিয়ে রাখা হচ্ছিল—এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।


সচেতন মহলের প্রশ্ন, সরকারি মালামাল পরিত্যক্ত ঘোষণা করে বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিলামসহ সরকারি নিয়ম-কানুন অনুসরণ করা হয়েছে কি না। নিলাম প্রক্রিয়া ছাড়া মালামাল বিক্রি হয়ে থাকলে এর সঙ্গে কারা জড়িত এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


অভিযোগের বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মোদাব্বের হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ডিডি মহোদয়ের সঙ্গে মিটিংয়ে আছি। অব্যবহৃত ব্যাটারি, পুরোনো টায়ারসহ বিভিন্ন মালামাল দীর্ঘদিন ধরে অফিসে পড়ে আছে। সেগুলো বর্তমানে গোডাউন ঘরে নিয়ে রাখা হচ্ছে।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


সরকারি মালামাল স্থানান্তর বা বিক্রির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।