ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা নিয়ে যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবলের উদ্বোধন
সূত্রঃ সংগৃহীত
সাকিবুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা–২০২৬’। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোববার (৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রঙিন বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির। এ সময় বিভিন্ন বিভাগের খেলোয়াড়রা মাঠে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপাচার্য মাঠে নেমে বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে সময় কাটানোর পাশাপাশি খেলাধুলায় শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. অভিনু কিবরিয়া ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিভিন্ন বিভাগের খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। মাঠজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির বলেন, “আমাদের জিততেই হবে—এ ধরনের মনোভাব পরিত্যাগ করতে হবে। খেলাধুলায় অংশগ্রহণ করা এবং আনন্দঘন পরিবেশে খেলা শেষ করা—এটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আমরা সবাই একে অপরের ভাই। এই ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যকে ধারণ করেই আমাদের খেলায় অংশ নিতে হবে। ‘আমাদের জিততেই হবে’—এমন মানসিকতা খেলাধুলার সৌন্দর্য নষ্ট করে।”
উপাচার্য আশা প্রকাশ করে বলেন, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি শক্তিশালী মূল ফুটবল দল গড়ে উঠবে। ভবিষ্যতে সেই দল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে বড় পরিসরে সাফল্য অর্জন করবে।
এমকে/বিএম২৪








