গণতন্ত্র চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৬ এএম
গণতন্ত্র চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়, বরং দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করে এটিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণা ও জ্ঞানচর্চার পরিসর আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।


গণতন্ত্র প্রসঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে।’ এ জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য।


তিনি বলেন, গণতন্ত্রকে কার্যকর রাখতে প্রতিপক্ষ ও বিরোধী দলকে পর্যাপ্ত রাজনৈতিক পরিসর দিতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে।


সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।


এ সময় উপাচার্য আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪