বকশীগঞ্জে ১০ বছরের শিশু নিখোঁজ, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
বকশীগঞ্জে ১০ বছরের শিশু নিখোঁজ, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

সূত্রঃ সংগৃহীত

রতন ইন্তিসার, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঝালরচর পূর্বপাড়াগ্রাম থেকে মো. সাফি (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফেরেনি। নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয় সাফি। দীর্ঘ সময় পার হলেও সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা প্রথমে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।


সাফির নিখোঁজের ঘটনায় মা-বাবাসহ পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সন্তানকে ফিরে পেতে তারা সবার সহযোগিতা কামনা করেছেন।


নিখোঁজ শিশু সাফির বাবার নাম মো. আনারুল এবং দাদার নাম মো. আইনাল হক। তাদের স্থায়ী ঠিকানা বকশীগঞ্জ উপজেলার ঝালরচর পূর্বপাড়া গ্রামে।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি সাফির সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত ০১৬১৩৬৩৯৬৪৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


এমকে/বিএম২৪