প্রেমের ফাঁদে রাবির সাবেক শিক্ষার্থী, জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৪

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
প্রেমের ফাঁদে রাবির সাবেক শিক্ষার্থী, জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৪

সূত্রঃ সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:


রাজশাহী মহানগরীতে প্রেমের প্রলোভন দেখিয়ে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থীকে জিম্মি করে অর্থ আদায় ও নির্যাতনের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া এলাকার স্বচ্ছ টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তৌকির জাহান স্মরণ (২৯), বোয়ালিয়া থানার শেখপাড়া গ্রামের সারোয়ার জাহানের ছেলে; আবু রায়হান (২৪), রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে; শাহরিয়ার মামুন (২৯), ভাটাপাড়া (সুফিয়ানের মোড়) এলাকার শাহীন রেজা ওরফে নরেশ চন্দ্র মধুর ছেলে এবং জুনাইরা ইসলাম (২২), বহরমপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।


অভিযোগকারী মির্জা মুজাহিদুল ইসলাম গাজী (২৮) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।


রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


পুলিশ জানায়, এ ঘটনায় মুজাহিদুল ইসলাম গাজী বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, কয়েকজন ব্যক্তি প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে ‘হানি ট্র্যাপের’ মাধ্যমে তাকে জিম্মি করে অর্থ আদায় ও নির্যাতন করা হয়।


অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই ও রহস্য উদঘাটনে অভিযান শুরু করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। পরে ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন তথ্য ও সূত্রের ভিত্তিতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এমকে/বিডিমেইল২৪