নাসিরনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
নাসিরনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সূত্রঃ সংগৃহীত

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।


উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের শহীদ ইমরান চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।


উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মাসুদ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল আহমেদ বলেন, “তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে।”


তিনি আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের কেউ যদি গুপ্ত হামলা, নৈরাজ্য বা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা হবে।”


উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মাসুদ চৌধুরী বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই লক্ষ্যেই আমরা মাঠে আছি।”


তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি এম এ হান্নান এবং উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল আহমেদের দিকনির্দেশনায় নাসিরনগর উপজেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছেন।


উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল কাদের সেন্টু বলেন, “আমরা কোনো ধরনের নৈরাজ্য বা সংঘাত চাই না। আমরা চাই মানুষ নিরাপদে চলাফেরা করুক, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন থাকুক। তবে কেউ যদি জনগণের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে আমরা রাজপথে থেকে তার বিরুদ্ধে সোচ্চার থাকব।”


সমাবেশে নেতারা সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে নাসিরনগরে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা পাশে থাকার কথা জানান।


সম্প্রতি বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো দেশজুড়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। ২২ সেপ্টেম্বর যুবদলের মিছিল ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণার কথাও গণমাধ্যমে এসেছে।


এমকে/বিএম২৪