নাসিরনগরে বিএনপি নেতা মামুনকে ঘিরে তৃণমূলে আলোচনা, বহিষ্কারাদেশ প্রত্যাহারের আশায় কর্মীরা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম
নাসিরনগরে বিএনপি নেতা মামুনকে ঘিরে তৃণমূলে আলোচনা, বহিষ্কারাদেশ প্রত্যাহারের আশায় কর্মীরা

ফাইল ছবি

খ. ম. জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি কেন্দ্রীয়ভাবে আলোচনায় আসার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশা ও কৌতূহল। চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে দলীয় কার্যালয়—বিভিন্ন জায়গায় এখন তাঁকে ঘিরে চলছে আলোচনা।


অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার রাজনীতিতে সক্রিয় থাকায় স্থানীয় নেতাকর্মীদের কাছে তাঁর পরিচিতি রয়েছে।


দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির বিভিন্ন পর্যায়ে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে কেন্দ্রীয়ভাবে চিন্তাভাবনা চলছে। তবে এখনো কারও বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিষয়টি যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।


এ আলোচনা সামনে আসার পর থেকেই নাসিরনগরে মামুনকে নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বেড়েছে। স্থানীয় অনেক কর্মীর মতে, দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাঁদের প্রত্যাশা, অভিজ্ঞ নেতাদের দলে ফিরিয়ে আনা হলে বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।


স্থানীয় এক প্রবীণ কর্মী বলেন, “মামুন ভাই শুধু নেতা না, উনি আমাদের ভরসার জায়গা। উনার কাছে গেলে মনে হয়, কেউ একজন আছে, যে আমাদের কথা শুনবে। তাই উনার বিষয় নিয়ে আলোচনা হবে, এটাই তো স্বাভাবিক।”


এক তরুণ কর্মী বলেন, “আমরা চাই, দলটা আবার এক হোক। সবাই মিলে একসঙ্গে রাজনীতি করুক। মামুন ভাইকে ঘিরে যে আলোচনা হচ্ছে, সেটা সেই ঐক্যেরই ইঙ্গিত।”


স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মামুনকে ঘিরে আলোচনার পেছনে কয়েকটি বিষয় কাজ করছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক ভূমিকার কারণে তাঁকে ঘিরে নতুন নেতৃত্বের সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। তাঁর বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত কী হয়, তার ওপর জেলা ও উপজেলা বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের ভারসাম্যও কিছুটা নির্ভর করতে পারে।


তবে জেলা ও উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইছেন না। তাঁদের ভাষ্য, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। কেন্দ্রীয় নেতৃত্ব যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে। এর আগে চূড়ান্ত কিছু বলা ঠিক হবে না।


জেলা ও উপজেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, “আমরা চাই, দল ঐক্যবদ্ধ থাকুক। কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে নেব। তবে তৃণমূলের আবেগকেও সম্মান জানানো উচিত।”


সব মিলিয়ে নাসিরনগরের বিএনপির রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। তবে তাঁকে ঘিরে তৃণমূলের এই আলোচনা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি করেছে।