খুলনায় এক দিনে ৭ স্থানে গুলি: একজন খুন, চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে নগরবাসী

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম
খুলনায় এক দিনে ৭ স্থানে গুলি: একজন খুন, চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে নগরবাসী

ছবি: সংগৃহীত

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


শিল্পনগরী খুলনায় একের পর এক গুলিবর্ষণ, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মাত্র এক দিনে নগরীর সাতটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে দৌলতপুরে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।


একসময় শান্তির শহর হিসেবে পরিচিত খুলনার বিভিন্ন এলাকায় এখন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ সামনে আসছে। চায়ের দোকানদার থেকে বহুতল ভবনের মালিক, সবজিবিক্রেতা থেকে সড়ক উন্নয়নকাজের ঠিকাদার—বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হুমকি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।


নগরীর নাটকপাড়া, মহিরবাড়ি, খালপাড়, ৩১ নম্বর ওয়ার্ড, টুটপাড়াসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


স্থানীয় সূত্রের দাবি, নাটকপাড়া, মহিরবাড়ি ও খালপাড় এলাকায় সড়ক সংস্কারকাজ করতে গিয়ে এক ঠিকাদারের কাছে প্রথমে মেলায় বেড়াতে যাওয়ার কথা বলে ১৫ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। অভিযোগ রয়েছে, পরদিনই তাঁর কাছে ১৫ লাখ টাকা দাবি করা হয়। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদাররা। ভয়ে তাঁদের অনেকেই প্রকাশ্যে নাম-পরিচয় জানাতে চাইছেন না।


এ ছাড়া টুটপাড়া ও আশপাশের এলাকায় নূর আজিম বাহিনীর নাম ব্যবহার করে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় কিংবা কোনো সংগঠনের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোনো গোষ্ঠীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল করছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


নগরবাসীর প্রশ্ন, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কেন নিরাপত্তাহীনতায় ভুগবেন? কারা এসব অস্ত্রধারী ও চাঁদাবাজকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে? একের পর এক গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের পরও নগরবাসীর মধ্যে নিরাপত্তার নিশ্চয়তা ফিরছে না কেন?


খুলনার মানুষের দাবি, অপরাধীদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় যা-ই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজি, অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।


শিল্প, বাণিজ্য ও সম্ভাবনার শহর খুলনায় অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান নগরবাসী। তাঁরা নিরাপদে ব্যবসা পরিচালনা, নির্বিঘ্নে চলাচল এবং নিশ্চিন্তে ঘরে ফেরার নিশ্চয়তা চান।


নগরবাসীর প্রত্যাশা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। খুলনায় স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।