রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক কমাল এনবিআর

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক কমাল এনবিআর

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি


আগামী রমজানে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে এসব ফল আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ কার্যকর থাকবে। এতে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে দাঁড়াবে।


অন্যদিকে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে ফল দুটির আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপেল ও কমলার ক্ষেত্রে নতুন শুল্কহার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়বে। এতে বাজারে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে।


আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।


বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে আমদানি কমতে থাকে। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬২ হাজার টনে নেমে আসে, যা আলোচিত সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।


অন্যদিকে, গত ছয় অর্থবছরে দেশে কমলার আমদানি ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬৯ হাজার টনে দাঁড়ায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আমদানি আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমেছে, যা ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।


শুল্ক কমানোর ফলে আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার আমদানি বাড়বে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। তবে বাজারসংশ্লিষ্টদের মতে, শুল্ক কমানোর সুফল অনেক সময় প্রত্যাশা অনুযায়ী ভোক্তাপর্যায়ে পৌঁছায় না।