নালিয়ার দোলায় কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন
সূত্রঃ বিডি মেইল
শাহিন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামো পূর্বনির্ধারিত নালিয়ার দোলায় নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসী।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সাধারণ জনগণের ব্যানারে কুড়িগ্রাম-চিলমারী সড়কের কেতার মোড় থেকে কুড়িগ্রাম প্রেসক্লাব পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে কুড়িগ্রাম সদরসহ রৌমারী, রাজিবপুর, চিলমারী ও উলিপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মানববন্ধন আয়োজক কমিটির সমন্বয়ক ও বিশিষ্ট গীতিকার খ.ম. আলী সম্রাট, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মো. আব্দুল বাতেন, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. সিরাজুল ইসলাম, শিক্ষক মো. নুরুন্নবী সরকার, মো. জয়নাল আবেদীন, নারী উদ্যোক্তা মেরিনা লাভলী, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী ঝিনুক, রাজু রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো পূর্বনির্ধারিত নালিয়ার দোলায় নির্মাণের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। দীর্ঘসূত্রতা না করে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম শুরু করার দাবি জানান তারা।
তারা বলেন, নালিয়ার দোলা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য পূর্বনির্ধারিত স্থান। তাই অন্য কোথাও না করে ওই স্থানেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণ করতে হবে।
দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
পরে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি জানানো হয়।









