দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার খোকন এমপি

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম
দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার খোকন এমপি

সংগৃহীত

জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি


দল-মত ও ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি। তিনি বলেছেন, ‘দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার’—এই নীতি বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে কী ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটছে, তা নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। বরং নিজেদের দেশে সম্প্রীতি বজায় রাখার দিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, ভারতে সাম্প্রদায়িক মৌলবাদের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মৌলবাদ কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। একসময় ভারতকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে গর্বের সঙ্গে দেখা হতো, কিন্তু বর্তমানে সেখানে মৌলবাদের কারণে অশান্তি তৈরি হয়েছে।


তিনি আরও বলেন, বাংলাদেশে সেই ভুলের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। মৌলবাদ সমাজ, শান্তি ও সাম্যের শত্রু। এটি যাতে দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।


এ সময় শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন ব্যারিস্টার খোকন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।


হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আগে একটি ধারণা ছিল, তাঁরা একটি বিশেষ রাজনৈতিক দলকে ভোট দেন। তবে বিগত নির্বাচনে তাঁরা সেই ধারণা ভুল প্রমাণ করেছেন।


এমকে/বিএম২৪