দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামে এনসিপি নেতা বহিষ্কার
সূত্রঃ ফাইল ছবি
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মো. খলিলুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা এনসিপির দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খলিলুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই দিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এ ছাড়া এনসিপি এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের খলিলুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু বলেন, খলিলুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছিল। পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও শৃঙ্খলা কমিটির প্রধান রাশিদুজ্জামান তাওহীদও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।









