টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ তিনজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং এলাকায় ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে এ অভিযান চালানো হয়। WFPA অফিসের কাঁটাতারের বেড়া সংলগ্ন ইটের সলিং রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজরপাড়া এলাকার হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)।


এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।


এসআরবি-১৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং হত্যা, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে কাজ করছে সংস্থাটি।


গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।