গাজীপুরে ৩ লাখ ৬০ হাজার টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
সূত্রঃ বিডি মেইল
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকা থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৪:৪৫ ঘটিকায় বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার ডেইলপাড়া এলাকার বাসিন্দা অষ্টমী শর্মা (২১) পিতা সাথী রাম সিং এবং রাজেন্দ্র সিং (৩৫)পিতা মেঘনাথ সিং ।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই (নিঃ) মোঃ আকরাম হোসেন খান ও এএসআই (নিঃ) মোঃ শাহীন খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। সেখানে মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানকালে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরবর্তীতে তাঁদের কাছে থাকা পলিথিন ও এয়ার টাইট পলিপ্যাকের জিপার থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব অশোক কুমার পাল পিএপিএম-এর দিকনির্দেশনায় এ অভিযানটি পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিএমপি বাসন থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-২৫, তারিখ: ১২/০৯/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে।









