খাগড়াছড়িতে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম
খাগড়াছড়িতে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়িতে আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধ করে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।


সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর গভীর রাতে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


এ ছাড়া গত ২০ সেপ্টেম্বর গভীর রাতে গোলাবাড়ী ইউনিয়নের বড়পাড়া এপিবিএন ক্যাম্পসংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এ সময় সেখানে মিছিল করে বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়।


এসব ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলা ও জেলা পর্যায়ের যুবলীগকর্মী মো. মাহফুজ জুয়েল (৩১) ও মো. রুবেল (৩২), ছাত্রলীগকর্মী মো. সাকিল (২৪), জেলা কৃষক লীগের সদস্য সুজন বিশ্বাস (৪৩) এবং জেলা কৃষক লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন চৌধুরী (৫১)।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এমকে/বিএম২৪