কালীগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
কালীগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

সূত্রঃ সংগৃহীত

মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গিয়ে প্রায় চার মাস আগে ওই কলেজছাত্রীর সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


অভিযোগে বলা হয়, একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে জাহিদ মুন্সি ওই কলেজছাত্রীকে একটি গেস্ট হাউসে নিয়ে যান। সেখানে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।


পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পূবাইলের মীরেরবাজার এলাকার একটি গেস্ট হাউস, বিভিন্ন হোটেল ও রিসোর্ট, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।


এজাহারে আরও উল্লেখ করা হয়, কলেজছাত্রী বিয়ের জন্য বারবার চাপ দিলে অভিযুক্ত তাকে মারধর করেন। গত মঙ্গলবার ওই কলেজছাত্রী তাঁর বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গেলে জানতে পারেন, তিনি এর আগে একাধিক বিয়ে করেছেন এবং তাঁর একটি সন্তান রয়েছে।


এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলাটির নম্বর ১২ এবং তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬।


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


তবে অভিযুক্ত জাহিদ মুন্সির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।



এমকে/বিএম২৪