কালিয়াকৈর হাইটেক সিটিতে তামার তার ও পাইপ চুরি, ৬ জন গ্রেপ্তার
সূত্রঃ বিডি মেইল
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটির একটি নির্মাণাধীন ভবন থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের তামার পাইপ ও তার চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৯ আগস্ট হাইটেক সিটিতে ই.এ.টি.এল ইনোভেশন হাব লিমিটেডের নির্মাণাধীন ভবনের সাইট থেকে ১৪টি এসির তামার পাইপ ও তামার তার চুরি হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আল আমিন ওরফে বাবু (৩২), রবিউল ইসলাম ওরফে গাজী (২২), সুমন (৩০), কামরুজ্জামান ওরফে বাক্কু (২৩), সুমন ওরফে রাসেল (২০) ও শাওন আজিম (৩৩)।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের সফিপুর এলাকার একটি ভাঙারি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৪টি তামার পাইপ, প্রায় ৩ কেজি গলানো তামার তার ও ২৫ কেজি বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে সোমবার (২৪ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।









