উলিপুরে ভাতিজার বাড়ি থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার
সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। তিনি বেড়াতে এসে তাঁর ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতের কোনো একসময় বাচ্চু মিয়া হত্যাকাণ্ডের শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। পরে নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহটি শনাক্ত করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও মৃত্যুর ধরন নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমকে/বিএম২৪









