আনন্দ-সম্প্রীতিতে মুখর দুর্গোৎসব

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম
আনন্দ-সম্প্রীতিতে মুখর দুর্গোৎসব

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দেশজুড়ে বিরাজ করছে আনন্দ, উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহ। দেবী দুর্গার আরাধনা, অঞ্জলি, ধূপ আরতি, শঙ্খধ্বনি আর ঢাকের বোল—সব মিলিয়ে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। নান্দনিক প্রতিমা ও ব্যতিক্রমী সাজসজ্জা দেখতে বিভিন্ন বয়সী ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমছে মণ্ডপে মণ্ডপে।


চট্টগ্রাম, রাঙামাটি, বগুড়া, পাবনা, খুলনা ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্গোৎসব উদ্‌যাপনের চিত্রে ফুটে উঠেছে ধর্মীয় আবেগ, ঐতিহ্য ও সম্প্রীতির মেলবন্ধন।


চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী শ্রীশ্রী সেবা খোলা ও বৈকুণ্ঠধাম মন্দিরে ‘রিপু রজনী’ থিমে সাজানো হয়েছে পূজামণ্ডপ। ব্যতিক্রমী এই আয়োজন দর্শনার্থীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। অন্যদিকে নগরের পতেঙ্গা শ্যামা সংঘের পূজামণ্ডপ সাজানো হয়েছে ‘সংবাদপত্রের একাল-সেকাল’ থিমে। এসব আয়োজন উৎসবের সৌন্দর্যে যোগ করেছে ভিন্নমাত্রা।


রাঙামাটিতে দেবী দুর্গার সামনে প্রার্থনায় মগ্ন থাকতে দেখা গেছে পুণ্যার্থীদের। বগুড়ায় ঢাকের বোল ও কাঁসরের শব্দে চলছে পূজা-অর্চনা। মহাসপ্তমীর সকালে শঙ্খধ্বনি, দেবীর চরণে ধূপ আরতি এবং মঙ্গলপ্রদীপের আলোয় মণ্ডপগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।


পাবনার শালগাড়িয়া বিদ্যুৎ চক্র কালীমন্দিরে তরুণদের উদ্যোগে গ্রামবাংলার চিরায়ত লোকজ উপকরণ দিয়ে সাজানো হয়েছে পূজামণ্ডপ। অন্যদিকে খুলনার সাহেবের কবরখানা এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে মণ্ডপ ঘুরে প্রতিমার সামনে সেলফি তুলে উৎসবের মুহূর্ত স্মরণীয় করে রাখছেন দর্শনার্থীরা।


রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনেও (কেআইবি) প্রতিমা দর্শনের পাশাপাশি ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ভক্তরা। অনেকেই মণ্ডপে প্রতিমা দর্শনের মুহূর্ত মুঠোফোনে ধারণ করে স্বজনদের সঙ্গে ভাগাভাগি করছেন।


সব মিলিয়ে শারদীয় দুর্গোৎসবের রঙিন আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের পূজামণ্ডপগুলো হয়ে উঠেছে ভক্তি, আনন্দ ও মিলনমেলার কেন্দ্র। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি নান্দনিক সাজসজ্জা, লোকজ ঐতিহ্য এবং পারিবারিক আনন্দ উদ্‌যাপনের মধ্য দিয়ে উৎসব ছড়িয়ে দিচ্ছে সম্প্রীতির বার্তা।


এমকে/বিএম২৪