অভয়নগরে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, খোয়া গেছে টাকা-স্বর্ণালঙ্কার

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম
অভয়নগরে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, খোয়া গেছে টাকা-স্বর্ণালঙ্কার

সংগৃহীত

মো. আল-মাহফুজ শাওন, যশোর প্রতিনিধি


যশোরের অভয়নগর উপজেলায় নিজ ঘরে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার খবর পাওয়া গেছে।


নিহত আছিয়া বেগম রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। তিনি তাঁর এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।


পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) তাঁর বোন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ কারণে ওই রাতে বাড়িতে একাই ছিলেন আছিয়া বেগম।


মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাঁকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে ঘরের ভেতরে খাটের ওপর তাঁর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তাঁরা।


বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার ঘটনায় হত্যাকাণ্ডের পেছনে ডাকাতি বা চুরির উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত প্রয়োজন।


এমকে/বিএম২৪