স্কুল-মাদ্রাসায় তায়কোয়ান্দো যুক্ত, রাজশাহীতে ফ্রি প্রশিক্ষণ উদ্যোগ

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম
স্কুল-মাদ্রাসায় তায়কোয়ান্দো যুক্ত, রাজশাহীতে ফ্রি প্রশিক্ষণ উদ্যোগ

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

দেশের স্কুল পর্যায়ের (১২–১৪ বছর বয়সী) শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে তায়কোয়ান্দোকে নতুন ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করেছে সরকার। এর অংশ হিসেবে রাজশাহীতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় নগরীর এআরসি গ্লোবাল তায়কোয়ান্দো একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হয়। রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল-কলেজের ক্রীড়া শিক্ষকরা এতে অংশ নেন।

উদ্যোগটির নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো মাস্টার ও জাতীয় দলের কোচ মো. কামরুজ্জামান চঞ্চল (ব্ল্যাক বেল্ট ৫ম ড্যান)। তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের তত্ত্বাবধানে জাতীয় স্কুল তায়কোয়ান্দো প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।

সভায় তায়কোয়ান্দো প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, বাস্তবায়ন কৌশল এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কোরিয়ান ভাষা শেখানোর উদ্যোগের কথাও জানানো হয়।

মতবিনিময় সভায় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির পথ সুগম হবে।