সুবিধাবঞ্চিত শিশুদের পাশে অ্যালাইভ সাপোর্ট ফাউন্ডেশন, টঙ্গীতে ব্যতিক্রমী কর্মসূচি
গাজীপুর (টঙ্গী) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৪০০ জন শিশুর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করে AliveSupport Foundation (ASF)। এতে সহযোগিতা করে বাঁধন ঢাকা দক্ষিণ জোন।
রবিবার (৩ মে ২০২৬) টঙ্গীর ইউসেপ পৌরসভা কলাবাগান টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ শাখার সভাপতি নোমান আলম মুন এবং সহ-সংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা। তাদের মধ্যে ছিলেন বাঁধন ঢাকা দক্ষিণ জোনের কেন্দ্রীয় প্রতিনিধি জাহেরুল ইসলাম, ঢাকা কলেজ শাখার সভাপতি আব্দুল লতিফ এবং ইডেন কলেজ শাখার সভাপতি নাইমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউসেপ টঙ্গী পৌরসভা কলাবাগান টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ হোসনেয়ারা বেগমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ......
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। অনেক শিশুই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নয়, যা জরুরি চিকিৎসার সময় বড় ঝুঁকি তৈরি করতে পারে। এই উদ্যোগ সেই ঝুঁকি কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিশুদের স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে রক্তের নমুনা সংগ্রহ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের রক্তের গ্রুপ নির্ধারণ করে জানিয়ে দেওয়া হয়। পুরো আয়োজনটি পরিচালনা করেন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা, ফলে শিশুদের মধ্যে কোনো ভীতি বা অস্বস্তি দেখা যায়নি।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়, যা তাদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করে। শিশুদের হাসি-খুশি উপস্থিতি এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিকতায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উদ্যোক্তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এমন উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।









