দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে।


শুক্রবার (৫ জুন) বিকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক এমপি ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা ও প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আলোচনা সভায় এ অভিযোগ করেন মির্জা ফখরুল।  


তিনি বলেন , গণতন্ত্রকে রক্ষা করতে এবং দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে। 

বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু দেশে গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এদের প্রতিহত করতে করতে হবে। তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।


মির্জা ফখরুল বলেন, এখনকার রাজনীতিতে মূল্যবোধ নাই। রাজনীতিকে ধ্বংসের চক্রান্ত চলছে। পরিকল্পিতভাবে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতার চরিত্র হনন করেন।


তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পথে উত্তরণের প্রক্রিয়া চলছে। কিন্তু কিছু কিছু মহল নির্বাচনের আগে থেকে চক্রান্ত করে, যেন এখানে গণতন্ত্র না থাকে। এ সরকারের দ্বায়িত্ব এই চক্রান্ত যেন সফল না হয়।