চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ও শিক্ষা সফর অনুষ্ঠিত
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এবং জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান তাঁর স্মৃতিচারণ করে বলেন, "আমি এই বিভাগেরই একজন সাবেক শিক্ষার্থী এবং এখানেই আমার শিক্ষকতা জীবনের শুরু। বর্তমান সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার হৃদ্যতার যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘুচিয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।" তিনি নবীনদের পড়াশোনায় মনোযোগী হতে এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, আগামী ৩ মে থেকে নতুন সেশনে (ওবিই) কারিকুলামে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শুরু হবে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি বৈপ্লবিক পরিবর্তন। তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও নৈতিকতা কাজে লাগিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ভূমিকা অনস্বীকার্য। তিনি শিক্ষার্থীদের আগামী দিনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে যোগ্য করে গড়ে তোলার পরামর্শ দেন।
বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এম. আবদুল গফুর ও প্রফেসর ড. মো. আতিকুর রহমান। সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া বিভাগের তিনজন বিদায়ী কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাধারণ শিক্ষা সফরের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।









