গংগাচড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গংগাচড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (GSWA)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬, ২৯ রমজান ১৪৪৭ হিজরি) গংগাচড়া উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।
গংগাচড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সভাপতি শরীফ আহমেদ মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, ব্যাংকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ এবং সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জহুরুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি-এর এজিএম মো. মনিরুজ্জামান শামীম এবং পূবালী ব্যাংক পিএলসি-এর ডিজিএম মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মাহমুদুল হাসান মিল্টন এবং স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. রিদওয়ানুল বারী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের এমন সামাজিক ও মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা GSWA-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তারা তরুণ প্রজন্মকে নৈতিকতা, শিক্ষা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতারের পূর্বে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে তোলে।









