কক্সবাজারে স্ত্রীর অসুস্থতা সইতে না পেরে স্বামীর হার্ট এ্যাটাক
নাছির নোমান, ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের টানা তিনবার নির্বাচিত ইউপি সদস্য ফজলুল হক মেম্বার হঠাৎ হার্ট এট্যাকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে । ৫ জুন শুক্রবার ভোররাত আনুমানিক ৪টার দিকে হাসপাতালে ভর্তি স্ত্রীর পাশেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, তাঁর সহধর্মিণী অসুস্থ হয়ে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্ত্রীকে দেখাশোনার জন্য হাসপাতালে রোগির পাশে অবস্থান করেন তিনি। ভোররাতে স্ত্রীর অসুস্থতা বেড়ে গেলে স্বামী সইতে না পেরে তৎক্ষনিক মাটিতে লুটেপড়ে। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে হার্ট এট্যাকের লক্ষণ শনাক্ত হলে, তাঁর শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাঁকে অ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে জনপ্রিয় এই জনপ্রতিনিধির অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে নিকট আত্মীয়, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।
একই সময়ে স্বামী-স্ত্রীর অসুস্থতার ঘটনায় ভারুয়াখালী ইউনিয়নজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ ফজলুল হক মেম্বার ও তাঁর সহধর্মিণীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে তাঁদের সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।









